ক্যান্সার চিকিৎসায় আইজিআরটি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ক্যান্সার চিকিৎসায় আইজিআরটি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত ছবি

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে ‘ক্যান্সার চিকিৎসায় আইজিআরটি এবং রেডিওথেরাপির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক রেডিয়েশন অনকোলজিস্ট, ফিজিসিস্ট ও টেকনোলজিস্ট অংশ নেন।

কর্মশালায় ইমেজ-গাইডেড রেডিওথেরাপির (আইজিআরটি) ব্যবহারিক প্রয়োগ, সমসাময়িক ক্লিনিক্যাল চর্চা এবং রেডিওথেরাপিতে গতিজনিত বিচ্যুতি ও চিকিৎসা প্রদানের বিভিন্ন অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মার্সেল ভ্যান হার্ক এবং নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল সায়েন্টিস্ট ড. রিয়ান ডে ইয়ং।

অনুষ্ঠানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যান্সার চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। কর্মশালার সায়েন্টিফিক পার্টনার ছিল রেনাটা পিএলসি। অনুষ্ঠান শেষে বিদেশি প্রশিক্ষকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।