প্রশিক্ষণ মহড়ার সময় গাড়ি উল্টে অস্ট্রেলীয় সেনা নিহত, আহত ৫
ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে প্রশিক্ষণ মহড়ার সময় সামরিক বাহিনীর একটি গাড়ি উল্টে একজন সেনা নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচ সেনা আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ডারউইনের হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বিকেলে ডারউইন শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাউন্ট বান্ডি প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মহড়ার সময় একটি গাড়ি উল্টে গেলে ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত পাঁচজনকে আকাশপথে ডারউইনের রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়।
নর্দার্ন টেরিটরির মুখ্যমন্ত্রী লিয়া ফিনোচিয়ারো জানান, আহত দুই সেনাকে হেলিকপ্টারে এবং আরও তিনজনকে বিমানে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত সেনার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহত ও আহত সেনাদের পরিচয় বা দুর্ঘটনার বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। ক্ষতিগ্রস্ত সেনা ও তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এবিসি আরও জানায়, ঘটনার তদন্তে সহায়তার জন্য মাউন্ট বান্ডি প্রশিক্ষণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়েছে নর্দার্ন টেরিটরি পুলিশ। পুলিশ কমিশনার মার্টিন ডোল জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে তারা করোনারের তদন্তে সহায়তা করছেন।
দুর্ঘটনায় শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। নিহত সেনার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের সেবায় নিয়োজিত সামরিক সদস্যদের জন্য কোনো দিনই পুরোপুরি নিরাপদ বা সহজ নয়।
মাউন্ট বান্ডি প্রশিক্ষণ এলাকাটি অস্ট্রেলীয় সেনাবাহিনীর সরাসরি গোলাগুলির প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।
এর আগেও সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
২০১৭ সালে প্রশিক্ষণ মহড়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে জেসন চ্যালিস নামে এক সেনা নিহত হন। ২০১৯ সালের তদন্তে ওই মহড়াকে ‘বিশৃঙ্খলাপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছিল এবং চ্যালিসের মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল বলে মত দেওয়া হয়।
চলতি বছরও অস্ট্রেলীয় সামরিক বাহিনীতে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত মে মাসে নিউ সাউথ ওয়েলসের জার্ভিস বে এলাকায় প্রশিক্ষণের সময় মাঝ আকাশে অন্য এক প্যারাট্রুপারের সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে ল্যাকলান মাডল নামে স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের এক সেনা নিহত হন।