বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ক্যালিব্রেশন সনদ ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার জগন্নাথপুর এলাকার মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চৌমুহনী-বাজারদিঘী এলাকার মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনকে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে এতে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার উপস্থিত ছিলেন।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) সাখাওয়াত হোসেন জানান, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বাজারজাত করার সুযোগ নেই। একইভাবে ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদও হালনাগাদ থাকা জরুরি। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।