মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসী বাবার

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসী বাবার

ফাইল ছবি

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

নিহত আল আমিন উপজেলার উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ীর আব্দুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌতা বাড়ি নামক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক আল আমিন ও আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত্যু ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে চিকিৎসা প্রদান করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানান, চিকিৎসক জানিয়েছে হাসপাতালে আনার পূর্বে আল আমিন নিহত হয়েছে। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশকে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিহত আল আমিনের তালাতো ভাই বাহারউদ্দিন জানান, আল আমিন সৌদিপ্রবাসি তার একটি মেয়ে আছে। মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে সে সৌদি যাওয়ার কথা ছিলো।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।