সোনারগাঁয়ে কারেন্ট জাল ধ্বংস

সোনারগাঁয়ে কারেন্ট জাল ধ্বংস

ছবি: সংগৃহীত

 

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় জব্দ করা ১১ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।

অভিযান চলাকালে নদীতে ইলিশসহ অন্যান্য মাছের অবাধ বিচরণ ও প্রজনন সুরক্ষায় ব্যবহৃত অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযানে জব্দ করা ১১ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করে। অভিযানে উপস্থিত ছিলেন  উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য সরকার নির্ধারিত সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলা জরুরি। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল ব্যবহার করা হলে মৎস্যসম্পদ ও ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।