গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত
ঢাকার গুলশানে লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে আনুমানিক ২৫-৩০ বছরের ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গুলশান থানার ওসি জায়েদ নূর জানান, দুপুরে লেকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় বিকালে মরদেহটি উদ্ধার করে। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে লাশটি লেকে এলো, সে বিষয়ে পুলিশ কাজ করছে।