ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

ফরিদপুর জেলার সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় প্রাইভেট কারের যাত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭) নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী। তাদের ছেলে নিহত শিশু শাওন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছেলে শাওন সহ সুমি বেগম তার বাবার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থেকে প্রাইভেট কার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেট কারকে চাপা দিয়ে রাস্তার উপরে আছড়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা প্রাইভেটকারে থাকা তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমি বেগম ও তার ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় আরো তিনজন আহত আছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।