চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ‘নজরুল উৎসব’
সংগৃহীত
‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘নজরুল উৎসব’ শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে কবুতর ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সী আবু সাঈফ, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।
পরে সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। জেলা জাসাস ও স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এর আগে, রোববার সকাল থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবিরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ শীর্ষক কাজী নজরুল ইসলামের উক্তিটি সামনে রেখে আয়োজিত সপ্তাহব্যাপী এ ‘নজরুল উৎসব’ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।