ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিউ ইয়র্কে বড় বিক্ষোভ

ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিউ ইয়র্কে বড় বিক্ষোভ

সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে এবং যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে না জড়ানোর বার্তা দিতে প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের পর এবার নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ দেখিয়েছে বহু মানুষ। 

অ্যাকটিভিস্টদের অনলাইনে পোস্ট করা ভিডিও অনুযায়ী, শত শত মানুষ নিউ ইয়র্কের ম্যানহাটনে মিছিল করেছে। তারা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার হুমকি এবং ইসরায়েলের গাজায় যুদ্ধকে সমর্থনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরান থেকে এখনই হাত সরাও’ এবং ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ করো’।

ইরানে এ পর্যন্ত নিহত ৬৩৯ : হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। ইরান-ইসরায়েল সংঘাত এরই মধ্যে সপ্তম দিনে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের তথ্যানুসারে, ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জন।

তারা বলছে, ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে হতাহতের সংখ্যা মিলিয়ে দেখা হয়েছে।

তবে ইরান সরকার ইসরায়েলের চলমান তীব্র হামলায় নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। সর্বশেষ সোমবার (১৬ জুন) প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।