শরিয়তপুরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধ সিগারেট জব্দ
ছবি: প্রতিনিধি
শরিয়তপুর জেলার আংগারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে এ অভিযান চালানো হয়। এতে ওসাকা ট্রেন্ড এন্ড কোং কোম্পানির ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে শরিয়তপুর জেলার বিভিন্ন নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্যান্ডের অবৈধ কমদামী সিগারেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে আংগারিয়া বাজার সংলঘ্ন মোল্লাবাড়ি নামক স্থানে ইমরান ওরফে উজ্জল এর গোডাউনে অভিযান ও তল্লাশি চালানো হয়। এসময় ২৫ হাজার শলাকা ৫০/৫০ (হ্যারিটেজ) টোব্যাকোর অবৈধ সিগারেট এবং নকল ওসাকা সিগারেট জব্দ করা হয়।
এ ঘটনায় ওসাকা ট্রেন্ড এন্ড কোং কোম্পানির ডিলার ইমরান ওরফে উজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সিগারেট এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। দৈনিক বিপুল পরিমান টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযুক্ত ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলোরেন্স জারি করেছে। তাই নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।