সৈয়দ নজরুল মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ছবি : প্রতীকি
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিং ভিত্তিক কর্মরত এক নারী কর্মচারী। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এই সুযোগে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তাকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরেই শারীরিক সম্পর্কের চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি বারবার কক্ষে ডেকে কুপ্রস্তাব দিতেন, শরীরে হাত দিতেন এবং রাজি না হলে চাকরিচ্যুতি ও গুলি করে হত্যার হুমকি দিতেন। এমনকি মোবাইল ফোনে পাঠাতেন কুরুচিপূর্ণ বার্তাও।
গত ২১ আগস্ট মীমাংসার কথা বলে পরিচালকের কোয়ার্টারে ডেকে নিয়ে বাদীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ২৬ আগস্ট অফিসকক্ষে আবারও ধর্ষণের চেষ্টা করলে বাদী চিৎকার করলে উপস্থিত কর্মী ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন। তখন ডা. হেলিশ রঞ্জন নিজেকে বাদীর স্বামী পরিচয় দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন।
বাদীর অভিযোগ, থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। ফলে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. হেলিশ রঞ্জন সরকার মুঠোফোনে সাড়া দেননি।