শ্রীপুরে উচ্ছেদ অভিযান, সার্ভেয়ারের ওপর হামলা

শ্রীপুরে উচ্ছেদ অভিযান, সার্ভেয়ারের ওপর হামলা

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিএনবি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের হামলায় এক সার্ভেয়ার আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ শুরু হওয়ার দুঘন্টা পর দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। 

স্থানীয়রা অভিযোগ করেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছেন। এতে করে মহাসড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারের সঙ্গে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব। তবে সার্ভারের ওপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।