ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি

ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি

ছবি: সংগৃহীত

ভারতীয় প্ররোচনায় পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থিতিশীল করা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, ধর্ষণ, হত্যা, বিচ্ছিন্নতাবাদী আদিবাসী ষড়যন্ত্র ও জাতিগত দাঙ্গার সৃষ্টিকারী পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ এ দাবি জানায় শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, পার্বত্য চট্টগ্রামে একটি ধর্ষণকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়া হচ্ছে, সেনাবাহিনীর টহলরত গাড়িতে হামলা চালিয়ে কয়েকজন সেনা সদস্যকে রক্তাক্ত করা হয়েছে, লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে এবং পাহাড়ে জাতিগত দাঙ্গা লাগানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া প্রকাশ্যে লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে, নিরীহ বাঙালিদের উদ্দেশ্য করে গুলি চালানো হচ্ছে।

পাহাড়ের এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে প্রকাশ্য-অপ্রকাশ্যে মদদ দেওয়া থেকে শুরু করে অর্থায়ন করা ও উস্কে দেওয়ার পেছনে কাজ করছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও চাকমা রানী ইয়ান ইয়ান।

শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে ধর্ষণের সঙ্গে জড়িত নয়ন শীল নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান গং চক্র বাঙালি-অবাঙালি জাতিগত দাঙ্গা উসকে দিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই চক্রটি এখন ধর্ষকদের বিচারের দাবি না করে নানা রকম বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিচ্ছে।

তারা আরও বলেন, আমরা বিস্ময় প্রকাশ করছি- পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের এরূপ সহিংস ও সন্ত্রাসী হামলার ব্যাপারে অন্তর্র্বতী সরকারের নীরবতার কারণে। আমরা সরকারের এহেন দায়িত্ব-জ্ঞানহীন নীরবতার তীব্র নিন্দা জানাচ্ছি।

এসময় শিক্ষার্থীরা সরকারকে অতিদ্রুত সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফকে নিষিদ্ধ করতে এবং রাষ্ট্রদ্রোহী ইয়ান ইয়ানকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে নিরাপত্তাবাহিনী ও পাহাড়ের সাধারণ মানুষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন- ঢাবি শিক্ষার্থী মুহাম্মদ শাকিল মিয়া, আব্দুল্লাহ আল মাহিন, আব্দুল বাসিত, রাহাত, জিয়াউল, শিহাবসহ শাহাদাত ফরাজী সাকিব, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ।