এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে আত্মহত্যা
প্রতিকি ছবি
এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মা বকাঝকা করায় অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় তৌহিদুর রহমান খানের মেয়ে ইকরা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৩.৫ পেয়েছিলেন।
ইকরার মামা তসলিম উদ্দিন বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় ইকরার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।