গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আজেদা বেগমকে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরো বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।

তিনি নিহত আজেদার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন।

গত ২১ অক্টোবর (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারাল ছুরি দিয়ে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে।

স্বজনদের অভিযোগ, শামীম বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়া খেলতেন।  এসব নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত।