মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক

সংগ্রহীত ছবি

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া একদিন বয়সী নবজাতকের চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। শিশুটির সুস্থতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার বিকেলে লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম শিশুটিকে পড়ে থাকতে দেখেন। ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত নবজাতককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, শিশুটিকে আনার সময় অবস্থা খুব খারাপ ছিল, এখন কিছুটা উন্নতি হয়েছে।

নবজাতককে ফেলে যাওয়ার ঘটনার পর মা-বাবার পরিচয় উন্মোচনে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজ নেন ইউএনও ওয়াদিয়া শাবাব। তিনি চিকিৎসা ব্যয়, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিচর্যার সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। ইউএনও বলেন, প্রশাসন সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে শিশুটির ভবিষ্যত সুরক্ষায় কাজ করবে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।