বাসচাপায় গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে মোছা. আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচবছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম (৩০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভাগলপুর চিলাপাড়া গ্রামের মাজেদুল হক এর স্ত্রী। নিহতের স্বামী মাজেদুল নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সোমবার বিকেল ৪টায় স্বামী মাজেদুল হক, স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকায় মোড় নিতে গিয়ে মহাসড়কে বগুড়াগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধু আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়ে গেলে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ছেলে আব্দুল্লাহসহ ওই গৃহবধু আহত হয়। তার স্বামীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।