মুন্সীগঞ্জে বিএনপির প্রার্থীকে মনোনয়নবঞ্চিত নেতাদের আনুষ্ঠানিক সমর্থন

মুন্সীগঞ্জে বিএনপির প্রার্থীকে মনোনয়নবঞ্চিত নেতাদের আনুষ্ঠানিক সমর্থন

সংগৃহীত ছবি

অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ ছেড়ে দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন এ আসনের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান তারা। জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্ত অবস্থানে নিতে ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন নেতাকর্মীরা। 

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলি আনসার মোল্লা, রসুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হক, মালখানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, থানার কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মাঝি, থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, জেলার সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ফয়সাল, মালখানগর ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক দেলোয়ার মোল্লাসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।