বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোক

বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

আলবার্টা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী হাসান রনি গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বলেন, আজ বাংলাদেশের ইতিহাস আরও একটি গভীর শূন্যতায় ঢেকে গেল। নিভে গেল এক দৃঢ় কণ্ঠ, থেমে গেল এক সংগ্রামী হৃদয়ের স্পন্দন। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, গণতন্ত্রের আপসহীন সৈনিক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, কারাবরণ, অসুস্থতা, অবহেলা ও নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথা নত করেননি। ব্যক্তিগত বেদনা ভুলে দেশ ও মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন। রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, ছিল আত্মত্যাগের নাম।

শোকবার্তায় আরও বলা হয়, আজ জাতি হারালো একজন শক্তিশালী নেতৃত্বকে, হারালো এমন একজন নারীকে যিনি ভেঙে পড়েননি, ভাঙেননি, বরং ইতিহাস গড়ে গেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন।

লিখিত বক্তব্যে মেহেদী হাসান রনি আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আগামী বৃহস্পতিবার পহেলা জানুয়ারি ২০২৬ বাদ মাগরিব বিকাল ৫টায় ক্যালগেরির বায়তুল মুকাররম মসজিদ বিএমআইসিসিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ক্যালগেরি বাংলাদেশি কমিউনিটির সকলকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।