বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মী ও সমর্থকই নন, আপামর মানুষও শোকে নিমজ্জিত হয়েছেন। শোক জানিয়ে বিভিন্ন দেয়ালে, বিপণি বিতানে, দোকানে, বাজারে ব্যানার টানানো হয়েছে।

মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় নেতাকর্মীদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরে কান্না করেন তার। 

নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাৎক্ষণিকভাবে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। অনেক নেতাকর্মী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে অংশ নিতে ঢাকায় রওনা দেন।  

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, 'বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। তার মৃত্যুতে শুধু বগুড়া নয়, দেশের রাজনীতিও অভিভাবক শূন্য হয়ে গেলো।' 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, 'বেগম খালেদা জিয়া কেবল আমাদের নেত্রী ছিলেন না। তিনি ছিলেন, আমাদের মায়ের মতো।'

বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার শাসনামলে বগুড়ার অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। তার হাতে সম্পন্ন হওয়া উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে ৫০০ শয্যার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্তর্জাতিক মানের বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম, বগুড়া নার্সিং কলেজ, আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ অন্যতম। এসব উন্নয়নের সুফল বগুড়াবাসী ভোগ করছেন।