অটোচালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি
রংপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পুটিমারী এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় শিমুল, শফিকুল ও হোসেন অটোরিকশা চালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তারা অটোরিকশাসহ নগদ ১ হাজার ৬৫০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে এবং রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে