বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
বান্দরবান শহরে পাহাড়ি ঝিরি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি সাউন্ড গ্রেনেড খুঁজে পেয়েছে একদল শিশু।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান পৌরসভার কাশেমপাড়া এলাকার পাহাড়ি ঝিরিতে তামিম, শিমুল ও তানভিরসহ কয়েকজন শিশু খেলতে গেলে পলিথিনে মোড়ানো বোমা সদৃশ দুটি গোলাকার বস্তু দেখতে পায়। পরে এলাকাবাসীর সহায়তায় সেগুলো সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া দুটি গোলাকার বস্তু হলো সাউন্ড গ্রেনেড।
এটি মূলত বিভিন্ন জনসমাগম ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বান্দরবানের কোন থানা লুট হয়নি। আর আমাদের স্টকে থাকা কোন গ্রেনেড মিসিং হয়নি। ধারণা করা হচ্ছে, দেশের অন্য কোন এলাকার থানা থেকে লুট করে এনে এখানে ফেলা হয়েছে। এরপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।