অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান
সংগৃহীত ছবি
সাইম আইয়ুব ও বাবর আজমের জোড়া হাফ-সেঞ্চুরির পর স্পিনার মোহাম্মদ নাওয়াজের দুর্দান্ত বোলিং নৈপুন্যে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।
রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় হার অজিদের। অন্যদিকে, সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয়ের স্বাদ নিল পাকিস্তান।
সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ৯০ রানে জিতেছিল পাকিস্তান। ফলে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। এর আগে দুই বা তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে দু’বার হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। ২০১০ সালে দুই এবং ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করে পাকিস্তান। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৬ রান করেন সাইম।
চার নম্বরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাবর। এই ফরম্যাটে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ভারতের বিরাট কোহলির ৩৮তম হাফ-সেঞ্চুরি টপকে যান বাবর। এছাড়া শেষ দিকে ২ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংস খেলেন শাদাব খান।
জবাবে স্পিনার নাওয়াজের ঘূর্ণিতে পড়ে ১৬.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে মার্কাস স্টয়নিস ২৩ ও ক্যামেরুন গ্রিন ২২ রান করেন।
৪ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নেন নাওয়াজ। ৯১ ম্যাচের টি-টোয়েন্টিতে এটিই ক্যারিয়ার সেরা বোলিং নাওয়াজের।
ম্যাচ সেরা হন পাকিস্তানের নাওয়াজ এবং সিরিজ সেরা হন অধিনায়ক সালমান আঘা।