স্কুলে সাবেকদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোসাদ্দেকের ব্যাচ

স্কুলে সাবেকদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোসাদ্দেকের ব্যাচ

সংগৃহীত

ঈদ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইন হাই স্কুলে সাবেক ছাত্রদের নিয়ে আয়োজিত হয়েছিল দিবা-রাত্রির একটি ক্রিকেট টুর্নামেন্ট। এই স্কুলেই পড়েছেন এক সময়ের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য মোসাদ্দেক সৈকত। অন্যদের মতো এই টুর্নামেন্টে তিনিও অংশগ্রহণ করেছেন।

এমনকি মোসাদ্দেকের দল চ্যাম্পিয়নও হয়েছে। তার এসএসসি ২০০৯ ব্যাচ ফাইনালে ২০১২ ব্যাচকে হারায়।

সাবেকদের এ টুর্নামেন্টে মোট ২১টি ব্যাচ অংশ নিয়েছিল। তাদের নিয়ে আলাদা দুটি প্রতিযোগিতা গড়ায়। এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত সিনিয়র ৫টি ব্যাচ। এতে চ্যাম্পিয়ন হয় ১৯৯৬ ব্যাচ। বাকি ১৬টি ব্যাচের প্রতিযোগিতায় হওয়া ফাইনালে মোসাদ্দেকরা ৫২ রানে জয় পান।

মোসাদ্দেক ফাইনালে এক ওভার করেই ৬ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। ৬ ওভারের ম্যাচে ২০০৯ ব্যাচের ১২১ রানের জবাবে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় ২০১২ সালের ব্যাচের ইনিংস। মোসাদ্দেক হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।