পদ্মায় বাসডুবি, ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন মা

পদ্মায় বাসডুবি, ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন মা

ফাইল ছবি

পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় সন্তানের প্রাণ বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন এক মা। হৃদয়বিদারক এই ঘটনায় বেঁচে যাওয়া শিশুর বর্ণনায় উঠে এসেছে শেষ মুহূর্তের সেই দৃশ্য।

বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনে দাঁড়িয়ে ৮ বছর বয়সী আলিফ জানায়, বাসটি নদীতে পড়ে যাওয়ার মুহূর্তে তার মা জ্যোৎস্না বেগম (৩৫) তাকে জানালা দিয়ে বাইরে ঠেলে দেন। এরপর সে পানিতে ভেসে থাকতে থাকে। স্থানীয়দের সহায়তায় কাপড় ধরে সে পল্টুনে উঠতে সক্ষম হয়। কিন্তু তার মাকে আর খুঁজে পাওয়া যায়নি।

আলিফের নানী শাহেদা বেগম জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম ঢাকার বাইপাইল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটি শেষে ছেলে আলিফকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাসে ওঠার পর ফোনে কথা বলার সময় হঠাৎ চিৎকার করে বলেন, ‘মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে’—এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, তিনি আর বেঁচে নেই।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেলিনগর গ্রামে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ পরিবার। স্বজনরা জ্যোৎস্নার ছবি আঁকড়ে ধরে কাঁদছেন। স্থানীয়দের ভাষ্য, সন্তানের মানসিক অবস্থার কথা বিবেচনা করে বাড়ির পাশের কবরস্থানের পরিবর্তে কিছুটা দূরে তাকে দাফন করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এই দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তিনি বলেন, ‘নিজের সন্তানকে বাঁচাতে একজন মায়ের এমন আত্মত্যাগ সত্যিই হৃদয়স্পর্শী। আলিফ এখন এতিম প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তা দেওয়া হবে।