পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৫
ছবিঃ সংগৃহীত।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।নিহত সবাই পুলিশ সদস্য বলে জানা গেছে।
শনিবার রাতে জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় আরও ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বান্নুর আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান জানান, হামলার সময় ওই পোস্টে মোট ১৮ জন পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের পরপরই সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ থেকে পোস্টটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় সন্ত্রাসীরা ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করে ওপর থেকেও হামলা চালায় বলে এএফপি সূত্রে জানা গেছে।
বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং সেখানে থাকা একটি সাঁজোয়া যান ও আশপাশের ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশাল দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।