চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা দ্রুত বাস্তবায়ন না হলে পুরো চুক্তিই সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তির শর্ত দ্রুত কার্যকর না হলে এই সমঝোতার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।
শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অন্য পক্ষকে (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে পুরো সমঝোতাই সমস্যায় পড়বে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করেছে।
তিনি জানান, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে ইরানের একটি আলোচক দল খুব শিগগিরই সুইজারল্যান্ডে যাবে। সেখানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে এবং চুক্তির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন হচ্ছে, তা খতিয়ে দেখবে।
বাঘাই আরও বলেন, প্রতিনিধি দলটির মূল কাজ হবে অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রয়োজন হলে সেই দায়িত্ব পালনের জন্য জোরালোভাবে চাপ সৃষ্টি করা।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে সম্প্রতি এই চুক্তিটি করা হয়েছে। কিন্তু চুক্তির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। সেই চুক্তি বাস্তবায়নের গতি নিয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান।
বিশ্লেষকদের মতে, সমঝোতার সাফল্য অনেকটাই নির্ভর করছে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর। ইরানের সতর্ক বার্তা স্পষ্ট করে দিচ্ছে, যুক্তরাষ্ট্রের করা অঙ্গীকার বাস্তবে প্রয়োগ না হলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।