পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার: ২৩ জনের নামে মামলা

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার: ২৩ জনের নামে মামলা

ফাইল ছবি

পঞ্চগড়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করেছেন। গত ৩ জুলাই এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২), পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার সাকীসহ অন্যরা।

এজাহার সূত্রে জানা গেছে, ২৩ জুন বিকালে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর বিষয়ে সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়। পুলিশ বলছে, এসব পোস্টার নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে লাগানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।