বিশ্বনাথে হাওরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিদ আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদ আলী পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, যোহরের পর অন্যদের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে হাওরে যায় মাহিদ।
একপর্যায়ে সঙ্গীদের থেকে কিছুটা দূরে গিয়ে নৌকায় শাপলা গাছ তুলছিল। কিছুক্ষণ পর সঙ্গীরা তার নৌকাটি খালি অবস্থায় দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে কিছু দূরে শাপলা গাছে জড়ানো অবস্থায় মাহিদের নিথর দেহ ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনোজ প্রভাকর রায় বলেন, ঘটনাটি থানাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।