দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিকি ছবি

গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম আজাদ সিটি করপোরেশনের ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের জুয়েলার্স’র স্বত্বাধিকারী। 

বিকেলে জুয়েলার্সের শাটারের তালা ভেঙে দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের কারণ ও এতে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামের নুনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের ভ‚ষির মিল এলাকায় সাদিয়া জুয়েলার্স নামে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ দোকানের ভেতরেই ঘুমাতেন আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। তবে রবিবার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

জিএমপির গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী জানান, নিহতের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ দোকানের ভেতরে রেখে বাইরে থেকে শাটারে তালা লাগিয়ে চলে যায়। হত্যাকাণ্ডের কারণ ও এতে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।