নিজ বাড়িতে খুন হলেন মডেল মুসকান
ছবিঃ সংগৃহীত।
ভারতের দিল্লিতে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক তরুণী খুন হয়েছেন।নিহত মুসকান (২১) পেশায় একজন মডেল ও শিক্ষার্থী। বুধবার পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার জিম প্রশিক্ষকের বিরুদ্ধে সন্দেহের কথা জানিয়েছে পরিবার ও পরিচিতজনেরা।
ঘটনার পর থেকে ওই প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় মুসকান নামের ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
ঘটনার খবর পেয়ে মুসকানের বড় বোন তাকে ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মুসকানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
আমানের দাবি, মুসকানের জিম প্রশিক্ষক এর আগেও তাকে হয়রানি করেছিলেন। এ কারণে ঘটনার পর থেকেই ওই ব্যক্তির ওপর সন্দেহ তৈরি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুসকানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।