পাকিস্তানে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই
ছবি: সংগৃহীত
পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগে সুপারিশ চেয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ চিঠি পাওয়ার পরপরই গতকাল সোমবার ইমরান খান দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন। খবর ডন ও জিও নিউজের।
তবে ইমরানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি আদালতে গড়িয়েছে। গতকাল পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদ উদ্ধৃত করেও স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিতে পারেন না।’ আজ মঙ্গলবার আদালত এ ব্যাপারে আদেশ দিতে পারেন।