যেভাবে সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান

যেভাবে সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। অন্যদিকে এই জয়ে বাংলাদেশের সেমির আশাও বেঁচে থাকলো।

রোববার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ধীরগতিতে শুরু করলেও পরে দ্রুত রান তোলেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১৩ দশমিক ২ ওভারে দলীয় শত রান পূর্ণ করেন তারা। উদ্বোধনী জুটিতে ১১৮ রান পায় আফগানরা। সবশেষ হাফ-সেঞ্চুরি করেই ফেরেন দুই ওপেনার। এতে নির্ধারিত ২০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েলের ৫৯ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। এতে ৪ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে যায় অজিরা।

এদিকে সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানরা। এই ম্যাচে জিতলেই সেমির সম্ভাবনা থাকবে তাদের। কাগজে-কলমের হিসেব অনুযায়ী, এই ম্যাচে বাংলাদেশকে আফগানিস্তান হারালে এবং পরের ম্যাচে ভারত অজিদের হারাতে পারলে কোনো শঙ্কা ছাড়া সেমিতে খেলবে আফগানরা। তাই নবি-রশিদের জন্য কাজটি খুব সহজ না হলেও কঠিনও নয়।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে আফগানরা জিতলে এবং অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জয় পেলেও আফগানদের সুযোগ আছে। তখন সামনে আসবে নেট রানরেটে হিসাব-নিকাশ। অস্ট্রেলিয়া ভারতকে ১ রানে হারালে, অজিদের টপকাতে বাংলাদেশকে ৩৬ রানে হারাতে হবে আফগানদের।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিনে (রানরেট -০.৬৫০) আছে রশিদ খানের দল। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নেট রানরেট ‍+০.২২৩।