সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি ওমরাহ যাত্রীর মৃত্যু

সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি ওমরাহ যাত্রীর মৃত্যু

প্রতিকি ছবি

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন নাসরুল্লাহ (৩৩)। কিন্তু পবিত্র মক্কায় পৌঁছানোর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তার এমন মৃত্যুতে পরিবারে চলছে মাতম।

আজ রবিবার দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির বাসিন্দা। 

জানা যায়, শনিবার নাসরুল্লাহ বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সৌদি আরবের রিয়াদে তাদের বহনকারী বিমানটি পৌঁছার পর তারা জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষায় ছিলেন। একপর্যায়ে বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলা চালায়।

নাসরুল্লাহ ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩ সন্তানের জনক বলে জানা গেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মুফতি আতিক উল্লাহ জানান, আমার ভাই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি গিয়েছিলেন। বিমানবন্দরে হামলায় তার মৃত্যু হয়েছে। এ মুহুর্তে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনার জন্য প্রস্তুত ছিলাম না। ভাইয়ের মৃত্যুর খবরে আমাদের পরিবারে শোকের মাতম চলছে। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।