খাগড়াছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: প্রথম ম্যাচে মাটিরাঙ্গার জয়
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’। রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তুহিন কুমার দে।
উদ্বোধনী খেলায় মানিকছড়ি উপজেলার ‘সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব’ ও ‘মাটিরাঙ্গা উপজেলা’ দল মুখোমুখি হয়। টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে মাটিরাঙ্গা উপজেলা দল।
আয়োজকরা জানান, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে মোট ৯টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ। খেলার আগে জাতীয় সংগীত এবং পাহাড়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।