রেসিপি: খাসির মাংসের হালিম
ফাইল ছবি
হালিম বেশ জনপ্রিয় একটি খাবার। শীতের সন্ধ্যায় গরম গরম হালিম খাওয়ার মজাই আলাদা। অনেক রেসিপিতে হালিম রান্না করা যায়। তবে খাসির মাংসের হালিমের রয়েছে বেশ সুনাম। শীতের আমেজে আপনিও রান্না করতে পারেন সুস্বাদু হালিম। রইলো সহজ রেসিপি-
উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
ছোলার ডাল-১৫০ গ্রাম
মুগ ডাল-১৫০ গ্রাম
মসুর ডাল-১৫০ গ্রাম
পোলাও চাল-১০০ গ্রাম
জিরা গুঁড়া-১ টেবিল চামচ
ধনে গুঁড়া-১ টেবিল চামচ
হলুদ গুঁড়া-২ টেবিল চামচ
মরিচ গুঁড়া-১ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়া-১ চা-চামচ
গরম মসলা গুঁড়া-১ টেবিল চামচ
তেল-২ কাপ
ঘি-১ চা-চামচ
পেঁয়াজ কুচি-৩ কাপ
কাঁচা মরিচ-৪টি
পুদিনা পাতা-২ টেবিল চামচ
আদা বাটা-২ চা-চামচ
রসুন-২ চা-চামচ
টক দই-১/২ কাপ
লবণ-পরিমাণমতো।
প্রণালি
প্রথমে একটি সসপ্যানে সব ডাল ও চাল দিয়ে ১টি কাঁচা মরিচ, হলুদ আর লবণ দিয়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন সিদ্ধ করার জন্য। এবার অন্য আরেকটি চুলায় বসিয়ে দিন আরেকটি সসপ্যান। তাতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙের করে নিন।
এবার তাতে মাংস দিয়ে রান্না করুন পাঁচ মিনিটের মতো। এবার একে একে সব উপকরণ দিয়ে মাংসগুলো কষিয়ে নিন আধা ঘণ্টার মতো। মাংস রান্না হয়ে গেলে সবটুকু ঢেলে দিন ডালের সসপ্যানটিতে। মিডিয়াম আঁচে সবকিছু মিশিয়ে নিন ১০ মিনিটের মতো। বেরেস্তা, লেবু, ধনেপাতা ও পুদিনাপাতা ওপর দিয়ে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন স্বাদে সেরা মজাদার হালিম।