বয়স হয়েছে অবসরে যান, জবাবে যা বললেন শাহরুখ
ছবি: সংগৃহীত
৫৯ বছরের তরুণ শাহরুখ খান। বয়স তার কাছে যেন সংখ্যামাত্র। হাঁটুর বয়সী অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপাচ্ছেন বলিউড। তবে নিন্দুকেরা তা মানতে নারাজ। একজন তো কটাক্ষ করে অবসরে যেতে বললেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক নিন্দক সমাজমাধ্যমে শাহরুখের উদ্দেশে লেখেন, “ভাই আপনার বয়স হয়েছে। অবসর নিয়ে নিন। অন্য বাচ্চাদের এ বার এগিয়ে আসতে দিন।”
সাধারণত নিন্দকদের কথায় খুব একটা কর্ণপাত করেন না অভিনেতা। কিন্তু এদিন নিজেকে থামিয়ে রাখতে পারেননি। তিনি জবাবে বলেছেন, “ভাই তোর প্রশ্নের শিশুসুলভ ভাব যে দিন চলে যাবে, তখন কিছু ভাল প্রশ্ন করিস। তত দিন অস্থায়ী অবসর নিয়ে নে প্লিজ।”
শাহরুখ ও নিন্দুকের এই কথোপকথন সমাজমাধ্যমে ভাইরাল হয় মুহূর্তে। তারা অনেকেই শাহরুখের পক্ষ নিয়ে কথা বলেছেন। অনুরাগীদের মতে, এই বয়সেও শাহরুখ যা করে দেখাচ্ছেন, তা বহু যুবকের পক্ষেও সম্ভব নয়।
এদিকে আজ এসেছে শাহরুখপুত্রের ওয়েব সিরিজ Ba***ds of Bollywood-এর প্রথম ঝলক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেটি শেয়ার দিয়ে ছেলেকে উৎসাহ দিয়েছেন কিং খান।