চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্যসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি ইউপি সদস্য জুয়েল রানা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও একই ইউনিয়নের ফাটাপাড়ার আমীর আলীর ছেলে। অপর আসামি ববিতা খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী। জুয়েল রানা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. ময়েজ উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ববিতার ভাড়াবাড়ি থেকে ৭৫০ গ্রাম ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। এ ঘটনায় সংস্থাটির উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।
তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে অনুপস্থিত ছিলেন।